প্রবাস জীবনের একাকিত্ব আর স্বজনদের থেকে দূরে থাকার কষ্ট ভুলে মিশরের রাজধানী কায়রোতে ঈদুল আজহা উপলক্ষে মিলিত হয়েছেন শত শত বাংলাদেশি শিক্ষার্থী। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজিত এই পুনর্মিলনী পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
২৮ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় কায়রোর সাক্কারা কুরাইশ এলাকার আত-তাইসির হলে ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এতে মিশরের বিভিন্ন অঞ্চলে অধ্যয়নরত ৮ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। আয়োজকদের দাবি, এটি মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় ঈদ পুনর্মিলনী আয়োজন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব বলেন, প্রবাসে থেকেও শিক্ষার্থীরা যেন পরিবার ও মাতৃভূমির উষ্ণতা অনুভব করতে পারেন, সেই লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত শিক্ষার্থীদের মুগ্ধ করে। এ সময় প্রায় ১৫০ জন নবীন শিক্ষার্থীকে উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রায় ৪০ জন শিশু-কিশোরের হাতে খেলনা ও ঈদ সালামি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিসবাহুল হক মিরাজী, সহ-সভাপতি যায়েদ আহমাদ, সাবেক সভাপতি শিহাব উদ্দিন, আব্দুল আজিজ তরফদারসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরে অতিথিদের জন্য পরিবেশন করা হয় কোরবানিকৃত উট ও গরুর মাংসের বিশেষ আপ্যায়ন। আয়োজকদের মতে, সংগঠনের ইতিহাসে প্রথমবার উটের মাংস পরিবেশন এবারের আয়োজনকে আরও স্মরণীয় করে তুলেছে। প্রবাসের মাটিতে এ আয়োজন যেন শিক্ষার্থীদের জন্য ‘এক টুকরো বাংলাদেশ’-এর আবহ তৈরি করেছিল।
