জেনেভায় অনুষ্ঠিত কমনওয়েলথ হেলথ কো-অর্ডিনেশন ফোরামে অংশ নিয়ে ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানায় বাংলাদেশ।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সাইডলাইনে আয়োজিত ফোরামের বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ভিত্তি করে জনগণকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বাংলাদেশে ক্যান্সারের বাড়তে থাকা ঝুঁকির কথা তুলে ধরে তিনি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত রোগ নির্ণয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও নির্মূলে স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণ এবং সচেতনতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।
ডা. মুহিত বলেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ধারাবাহিক অগ্রগতি অর্জন করলেও এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবার অসম বণ্টন, চিকিৎসা ব্যয়ে মানুষের অতিরিক্ত ব্যক্তিগত খরচ, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট এবং গবেষণা সক্ষমতার সীমাবদ্ধতা অন্যতম।
তিনি আরও বলেন, ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কমনওয়েলথ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
এবারের ফোরামে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্যান্সার বিশেষজ্ঞ, গবেষক এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
