মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। বুধবার (৫ আগস্ট) বিকেলে দূতাবাসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. নোমান উদ্দিন আজহারী। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন আকন্দ এবং ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আহত ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে নৃত্যসহ সমবেত সংগীত পরিবেশন এবং অতিথিদের ঐতিহ্যবাহী বাংলা খাবারে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
