ঢাকাSaturday , 6 June 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

কায়রোতে প্রবাসী শিশুদের ঈদ পুনর্মিলনী

admin
June 6, 2026 1:33 pm
Link Copied!

মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিচালিত ‘ভার্চুয়াল বাংলা স্কুল ইন ইজিপ্ট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (৫ জুন) রাজধানী কায়রোর আল-আজহার উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সঞ্চালক পুষ্পিতা চৌধুরী বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি বাংলা স্কুল পরিবারের সদস্যদের মধ্যে পরিচয়, বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পরে সহ-সঞ্চালক আসমা রহমান জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ভার্চুয়াল বাংলা স্কুল বর্তমানে তিনটি গ্রুপে ১৯ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মিশরের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও শিক্ষার্থীরা অনলাইনে পাঠ গ্রহণ করছে।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে রনি বণিক মাতৃভাষা শিক্ষায় এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এরপর শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ছড়া, গান, নৃত্য, গল্প বলা ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, আল মাহমুদ ও নবকৃষ্ণ ভট্টাচার্যের রচনাভিত্তিক পরিবেশনাগুলো দর্শকদের প্রশংসা কুড়ায়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় বিভিন্ন বয়সভিত্তিক খেলাধুলা। ছোটদের জন্য মার্বেল দৌড়, মাঝারি গ্রুপের জন্য চকলেট দৌড় এবং বড়দের জন্য স্মৃতিশক্তি পরীক্ষার আয়োজন করা হয়। খেলায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে উম্মে কুলসুম জেমেনা অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতাকারী শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

অভিভাবকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০