ঢাকাSaturday , 12 September 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনের কনস্যুলার ক্যাম্প

Link Copied!

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ১১ সেপ্টেম্বর, শুক্রবার আলেকজান্দ্রিয়ার গোল্ডেন স্টারস টেক্সটাইলে এ ক্যাম্প শুরু হয়েছে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, ট্রাভেল পারমিট, দূতাবাসের পত্র এবং বিভিন্ন নথি সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করছেন দূতাবাসের কর্মকর্তারা।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে।

দূতাবাস জানিয়েছে, আলেকজান্দ্রিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কায়রোতে গিয়ে কনস্যুলার সেবা নেওয়ার প্রয়োজনীয়তা কমানো এবং সময় ও খরচ সাশ্রয় করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশিরা দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কায়রো থেকে দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের জন্য এ ধরনের ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ। এতে যাতায়াতের সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় সরকারি সেবা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং কনস্যুলার সেবা আরও সহজ ও জনবান্ধব করতে গত মাস থেকে কায়রোর বাইরে বিভিন্ন এলাকায় এ ধরনের ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস। এর মাধ্যমে মিশরের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের কাছে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কায়রোতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ করা এবং তাঁদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও কার্যকর করাই এ ধরনের ক্যাম্প আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, ‘প্রবাসী শ্রমিকদের কাছ থেকে তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াও এ ক্যাম্পের অন্যতম লক্ষ্য।’

এবারের ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। প্রবাসীদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও মিশরের বিভিন্ন এলাকায় এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দূতাবাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০