স্টাফ রিপোর্টার
ঢাকা, ৫ অক্টোবর, ২০২৪
গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের চাকরী দেবে বাংলাদেশ কনটাক্ট সেন্টার ও আউটসোর্সিংয়ের নব গঠিত কমিটি। এ জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে সহযোগিতা করবে তারা।
বাক্ক ক’দিন আগে নিজেদের কমিটি পুনর্গঠন করেছে। নবগঠিত বাক্কো কার্যনির্বাহী কমিটি এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদদের।
বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, ‘তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে চায় বাক্কো।’
বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে্ন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টি শক্তি হারিয়েছেন বাক্কো পরিবার তাঁদের পাশে থাকবে।’
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেন, ‘আমি আমার পেশাগত জীবনের শুরু থেকেই আউটসোর্সিংয়ের সাথে সম্পৃক্ত। আমি বিশ্বাস করি, তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অপার সম্ভাবনা আছে।’
এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাক্কো পরিচালক আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, সায়মা শওকত, নির্বাহী পরিচালক লে. কর্নেল (অবঃ) মো. মাহতাবুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
