সংবাদাতা
কোটাকিনাবালু, সাবাহ, ২৭ সেপ্টেম্বর ২০২৫:
মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে অংশ নিয়েছে বাংলাদেশ। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর, তিন দিনের এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)। সাবাহ আন্তর্জাতিক সনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ।
২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় মেলার উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও ওয়ার্কস মিনিস্টার সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি বাংলাদেশ হাইকমিশনের প্যাভিলিয়ন ও দেশীয় প্রতিষ্ঠান “প্রাণ” এর প্রদর্শনী বুথ পরিদর্শন করেন। তিনি ‘প্রাণ’-এর পণ্যসামগ্রীসহ বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ হাইকমিশন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ প্রদান করেন।
বাংলাদেশের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশের রপ্তানি পণ্যের সম্ভাবনা তুলে ধরেন এবং রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন।
মেলার দ্বিতীয় দিনে হাইকমিশনার ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI) এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সফরের জন্য ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাতে অনুরোধ জানান। ফেডারেশন প্রতিনিধিরা এতে আগ্রহ প্রকাশ করেন।
‘বাংলাদেশ প্যাভিলিয়নে’ প্রদর্শিত হচ্ছে খাদ্য ও পানীয়, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিকস, তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিযোগ্য সামগ্রী। বাংলাদেশের এই প্রথম অংশগ্রহণের মাধ্যমে সাবাহসহ মালয়েশিয়ার পূর্বাঞ্চলে নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।
সোর্স: সংবাদাতা ও হাইকমিশন
