প্রিটোরিয়া, সাউথ আফ্রিকা, ২১ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া-এ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিক, বাংলাদেশ কমিউনিটির সদস্য, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সদস্যরা অমর একুশের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার শাহ্ আহমেদ শফী বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। তিনি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি লালনের আহ্বান জানান এবং বাংলাদেশের নবগঠিত সরকারের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
