মিশরের রাজধানী কায়রোয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর (আওসবি)-এর উদ্যোগে ইফতার আয়োজন ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’। গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নগরীর কায়রো ইন্টারন্যাশনাল পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি কওমি ও সমমনা শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার-পরিজন এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
প্রবাসের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল এক খণ্ড বাংলাদেশের আবহ। সবুজ ঘাসের প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা ও শিশুদের হাসি-কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকদের তথ্যমতে, অনুষ্ঠানে ৪০টিরও বেশি পরিবার, প্রবীণ-নবীন শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আল-আযহারে অধ্যয়নরত পিএইচডি ও এমফিল গবেষকরা।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব স্বাগত বক্তব্য দেন। তিনি বিপুল সংখ্যক শিক্ষার্থী ও পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। পরে আল-আযহারের পিএইচডি ফেলো ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক শাইখ মোশাররফ হোসেন আযহারীর দুআর মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়।
ইফতারে পরিবেশন করা হয় খেজুর, বিভিন্ন ধরনের জুস, মোরগ পোলাও, কুফতা রাইস, দেশি মুরগি ও ভুনা খিচুড়িসহ নানা দেশি-বিদেশি পদ। কচিকাঁচাদের জন্য ছিল খেলাধুলা, ট্রেন রাইড ও বেলুন উৎসবের আয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিসবাহুল হক মেরাজী জানান, নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণার পর এটিই ছিল তাদের প্রথম বড় আয়োজন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এমন বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন চ্যালেঞ্জিং হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দ-উচ্ছ্বাস, দুআ, ইফতার ও সম্মিলিত নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজকদের মতে, এ আয়োজন প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে।
