১ মার্চ, কায়রো:
পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘আজহার স্টুডেন্টস ফোরাম’ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর আবাসিক ছাত্রাবাসের মারকাজুজ তাদবির হলে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহারী এবং সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ। ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের ঐতিহ্যবাহী প্রথা অনুসারে ‘মাদফা আল-ইফতার’ কামান দাগানো হয়। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হলে উপস্থিত শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। পরে খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় করেন তারা।

ইফতারে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন কারী ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কৃতিসন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা শরীফ সালাহউদ্দিন।
বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ-বাস্তবতা অনুধাবন এবং আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ইখলাস ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার মাহফিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ, সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
