৯ মার্চ, কায়রো, মিশর:
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কায়রোর আব্বাসিয়া এলাকার মারকাজ তাতউইর কনফারেন্স হলে সুফি মতাদর্শভিত্তিক বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাসের পরিচালক ড. ইসাম আল-ক্বাদী। বিশেষ অতিথি ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে এবং শ্রম সচিব মুহাম্মদ জাকির হোসেন। সংগঠনের সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিল শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইসাম আল-ক্বাদী বলেন, বাংলাদেশি সুফি শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, আল-আজহার শরীফ যুগ যুগ ধরে জ্ঞান, সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনন্য শিক্ষা দেয়, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে প্রবাস জীবনে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দেশের মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার শেষে ড. ইসাম আল-ক্বাদী দূতাবাস কর্মকর্তাদের নিয়ে আন্তর্জাতিক ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তিনি ছাত্রাবাসে চলমান উন্নয়ন কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবা ঘুরে দেখান। দূতাবাস কর্মকর্তারা এসব উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে সাইফুর রহমান আল-আজহারী বলেন, প্রবাসে ইসলামী সংস্কৃতি ও বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এবং বাংলাদেশি কমিউনিটির মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল কারীম, আল-আজহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহমান আল-আজহারী, আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিশরের সভাপতি তাজদীদ বিন ওয়াদুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
