কায়রো, ২৫ মার্চ, ২০২৬:
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
বুধবার (২৫ মার্চ) কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজ-এর সঙ্গে সাক্ষাৎ করে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন মিশরের প্রেসিডেন্টের ক্যাবিনেটের চেম্বারলেইন মোহাম্মদ ন্যাগম। তিনি রাষ্ট্রদূতের কার্যালয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জনগণের প্রতি প্রেসিডেন্ট আল সিসির শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত সামিনা নাজ এই সৌজন্য ও ব্যতিক্রমী সম্মানের জন্য মিশরের প্রেসিডেন্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট আল সিসির শুভেচ্ছা বার্তা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।”
সংশ্লিষ্টরা মনে করেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
