রিয়াদ, সৌদি আরব, ২১ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
সকালে দূতাবাস চত্বরে রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে তিনি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। রিয়াদে প্রবাসী বাংলাদেশিরাও ফুল দিয়ে শহিদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির হামিদুল হক শামীম, মো. তাজুল ইসলাম গাজী ও ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান বক্তব্য দেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বকীয়তা ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে, যার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্ভব হয়। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে—ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশের মানুষ সফল হয়েছে।
সৌদি আরবের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিরা দক্ষতা ও সততার সঙ্গে কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারেন। ‘বাংলাদেশ’কে দক্ষ ও বিশ্বাসযোগ্য জনগোষ্ঠীর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা গেলে ভাষা ও সংস্কৃতির প্রসার আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
