মিশরের রাজধানী কায়রোয় আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে বর্ষবরণ, বৈশাখী মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাসের স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়্যেবের আন্তর্জাতিক ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদি এবং মাদিনাতুল বু’উস আল-ইসলামিয়ার প্রধান ইসাম আল-কাদি।
বিকেলে শুরু হওয়া এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি পরিবার ও শিক্ষার্থীরা রঙিন পোশাকে অংশ নেন। পিঠা-পায়েস, মিষ্টান্ন ও দেশীয় খাবারের বাহারি আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং খেলাধুলায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, যা যেন এক টুকরো বাংলাদেশে রূপ নেয়।
বর্ষবরণ উপলক্ষে তিন দিনব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফুটবলে লায়ন্স অব আজহার চ্যাম্পিয়ন এবং টাইগার্স অব আজহার রানার্স-আপ হয়। ক্রিকেটে দ্য লিজেন্ডস অব বেঙ্গল শিরোপা জেতে, নীল ওয়ারিয়র্স হয় রানার্স-আপ। শিশু-কিশোরদের অংশগ্রহণে দৌড় ও হাঁড়িভাঙা খেলাও অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতি ধারণের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের প্রতি আরও অনুপ্রাণিত করে।
উৎসবে আল-আজহারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেশি-বিদেশি শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
