জেনেভা, ৩১ মার্চ:
সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি নিশ্চিত করতে জোরালো আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত সোমবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা-এর ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজ-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং ভবিষ্যতে আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ রয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সৌদি সরকারের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ উন্নয়ন এবং আরবি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে মাহদী আমিন সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।
এ সময় সৌদি উপমন্ত্রী মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে উভয় দেশ শ্রমখাতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।
