কায়রো, মিশর, ৭ মার্চ, ২০২৬:
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। প্রবাসের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পুরো পরিবেশ ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আন্তরিকতায় ভরে ওঠে।
শিক্ষার্থী মাহমুদুল হাসান আজহারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম আজহারী, দারুল আজহার বাংলাদেশ-এর চেয়ারম্যান মু. হাবিবুল বাশার আজহারী, ইসলামিক গণমাধ্যম ব্যক্তিত্ব সাইমুম আল মাহদি আজহারী এবং এস আর গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমান আজহারীসহ প্রবাসী শিক্ষার্থীদের অনেকে।

পবিত্র রমজানের আত্মিক তাৎপর্য ধারণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে প্রবাসী শিক্ষার্থীরা এ আয়োজনে একত্রিত হন। ইফতার মাহফিলকে ঘিরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস এলাকায় ছিল উষ্ণ ও আন্তরিক পরিবেশ। প্রবাস জীবনের দূরত্ব যেন সহপাঠীদের ভালোবাসা ও সৌহার্দ্যে মুহূর্তেই মিলিয়ে যায়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধির গুরুত্ব এবং মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও জোরদার করে।
ইফতার টেবিলে ছিল খেজুর, ফলমূলসহ বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতার করেন। পরে জামাতে মাগরিবের নামাজ আদায় করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, প্রবাসে থেকেও সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারা আমাদের জন্য বিশেষ আনন্দের। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে এবং দেশের প্রতি ভালোবাসা নতুনভাবে জাগিয়ে তোলে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি ও দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
