৮ এপ্রিল, ২০২৬, কায়রো, মিশর:
ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত মিশরে বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস প্রিমিয়ার ক্রিকেট লীগ, বিএসপিএল ২০২৬। আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই আসরটি প্রবাসীদের দারুণ সাড়া ফেলেছে।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের শিক্ষার্থীরা অংশ নেন, যা কিনা আয়োজনটিকে আন্তর্জাতিক রূপ দেয়। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং কিংস মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং কিংসকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফাইনালে টসে জিতে ব্যাট করে কুমিল্লা নির্ধারিত ১২ ওভারে ১৬১ রান সংগ্রহ করে। দলের হয়ে রোহান রিজভী ৬৬ রান এবং মুহাম্মাদ মুস্তফা ১৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে চিটাগং কিংসের অধিনায়ক বাশির আরিফ ও মুহাম্মাদ ইশরাক ভালো শুরু করলেও মধ্যক্রমের ব্যর্থতায় দলটি হেরে যায়।

সেরার সেরাদের হাতে ট্রফি
পুরো টুর্নামেন্টে ১৩২ রান ও ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের মুহাম্মদ রিজওয়ান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও খেলোয়াড়দের স্মারক মেডেল প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রবাসে এমন আয়োজন শিক্ষার্থীদের ঐক্য ও আন্তঃসাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
