বি’দেশ রিপোর্ট
ঢাকা, ২ আগস্ট, ২০২৫:
যৌথ সামরিক মহড়া শেষ করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্টদের ধারণা, ‘টাইগার শার্ক’ নামের এই যৌথ মহড়া দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহড়ায় অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত ছিল চিকিৎসা সহায়তা, জল এবং স্থলভিত্তিক টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট।
এছাড়া বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের পরামর্শ বিনিময়, যৌথ পরিকল্পনা এবং তৈরি করা জটিল অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ এই মহড়াকে আরও কার্যকর করেছে বলে মনে করেন কর্মকর্তারা।
মহড়া সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ট্রেসি জ্যাকবসন বলেন, “টাইগার শার্ক আমাদের প্রতিরক্ষা সহযোগিতার প্রতীক এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি প্রতিশ্রুতির পুনর্নিশ্চয়ন।”
টাইগার শার্ক মহড়া ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সমন্বয় ও কৌশলগত প্রস্তুতি আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করেন তিনি।
