বি’দেশ প্রতিনিধি
কুয়ালালামপুর, ১৯ ডিসেম্বর ২০২৫:
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন পালন করে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। বুধবার কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান ও তাদের দক্ষতার প্রশংসা করেন। কর্মীদের সুরক্ষা ও কল্যাণে হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কাজের কথাও তুলে ধরা হয়।
হাইকমিশনার দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মালয়েশিয়া প্রবাসীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, নিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রতিনিধি, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
