২১ ফেব্রুয়ারি, রিয়াদ, সৌদি আরব থেকে
সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস, রিয়াদ-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ সকালেই দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। পরে তিনি দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় রিয়াদে প্রবাসী বাংলাদেশিরাও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অভিবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি হামিদুল হক শামীম, মো. তাজুল ইসলাম গাজী ও ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান।
সভায় রাষ্ট্রদূত বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জাতির স্বকীয়তা ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। সেই চেতনার ধারাবাহিকতায় নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তিনি বলেন, ন্যায়সংগত দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনই সাফল্যের চাবিকাঠি—ইতিহাস তার সাক্ষ্য বহন করে।
প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা দক্ষতা ও সততার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এই ধারা অব্যাহত থাকলে ‘বাংলাদেশ’ একটি দক্ষ ও বিশ্বাসযোগ্য জাতি হিসেবে আরও প্রতিষ্ঠা পাবে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
