কাঠমান্ড, ১০ মার্চ, ২০২৬:
নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় কাঠমান্ডুতে আয়োজিত এ অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত পবিত্র রমজান মাস উপলক্ষে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং রমজানের শিক্ষা ও তাৎপর্যের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত নেপালে সম্প্রতি অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ নির্বাচন নেপালের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে তিনি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, নতুন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, নরওয়ে, ফিনল্যান্ড, মিশর, ভারত ও মিয়ানমারের রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া সার্ক-এর মহাসচিব, জাতিসংঘ-এর আবাসিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রধানও অনুষ্ঠানে অংশ নেন।
বিভিন্ন আন্তর্জাতিক খাবারের পাশাপাশি বাংলাদেশের সামুদ্রিক খাবার ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে ১৮টি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান এবং জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন।
