২৭ মার্চ, ২০২৬:
ভিয়েতনামের হ্যানয় সরকার বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দেওয়ায় নতুন এই সম্ভাবনার দ্বার খুলেছে।
জানা গেছে, ভিয়েতনামের নিয়ম অনুযায়ী আলু রপ্তানির জন্য সংশ্লিষ্ট দেশকে কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যাচাই-বাছাই শেষে সন্তোষজনক হলে অনুমোদন দেওয়া হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং দেশের কৃষকরাও এতে সরাসরি উপকৃত হবেন। তিনি উল্লেখ করেন, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে, ফলে এ রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।
রাষ্ট্রদূত আরও জানান, এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্য, বিশেষ করে তিলসহ বিভিন্ন উদ্ভিদজাত পণ্যের জন্যও ভিয়েতনামের বাজারে প্রবেশ সহজ হবে। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে কাজ চালিয়ে যাবে।
