২৬ মার্চ, ২০২৬:
ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি ও মিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিবসের শুরুতে উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপ-হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে দিবসটি উপলক্ষে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেস হোটেলে কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
