রিয়াদ, ২৬ মার্চ ২০২৬:
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। রিয়াদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবস উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রিয়াদে বাংলাদেশ কমিউনিটির সদস্য মামুনুর রশিদ ও ডাঃ গোলাম হাসনাইন সোহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও প্রবাসীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদ, মা-বোন এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। এছাড়া চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
