স্টাফ রিপোর্টার
ঢাকা: ৫ অক্টোবর ২০২৪
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার আবারও চালু করতে উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রনী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে তাদের দেশে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করে দেওয়ার ইঙ্গিত দেওয়ার পর এই উদ্যোগ নিতে যাচ্ছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
শনিবার নিজ কার্যালয়ে এতথ্য দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় ১৮ হাজার কর্মীকে সে দেশে পাঠানোর চেষ্টার পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু, কর্মী প্রেরণের চেষ্টা করবে সরকার। সেক্ষেত্রে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সমান সুযোগ তৈরি ও বেতন কাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীন সোস্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে সমঝোতা স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ সুনিশ্চিত করবে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে সংস্থার মহাপরিচালক ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিনও উপস্থিতি ছিলেন।
